হবিগঞ্জের মাধবপুরে একটি ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
শুক্রবার ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদস্যরা ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে মহাসড়কে একটি চৌকশ টহল দল কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক গাড়িটি সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি চালিয়ে পাথরের নিচে বস্তার ভেতরে কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও মেলানোসাইলসহ বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, চোরাচালানের উদ্দেশ্যে আনা এসব অবৈধ পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।