ঢাকা: শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা।
বক্তা বলেন, “সাবেক মেয়র আলহাজ্ব সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের খাতিরেই আমি এখানে উপস্থিত। বাংলাদেশ মুসলমানদের দেশ। ইসলামের নামে যারা প্রতারণা, কোরআন-হাদিসের খেলা বা পীর-আলেম সেজে জনগণকে বিভ্রান্ত করে, তাদের কোনো স্থান নেই।” তিনি সতর্ক করে বলেন, অজান্তে ভুল করা এবং জেনে-বুঝে হাদিসের বিরোধিতা করা এক নয়। যারা নবীর সাহাবিদের মানে না, ন্যায়বিচার মানে না—তারা আলেম নামে কলঙ্ক, মুসলমান ও আল্লাহ ও রাসুল (সা.)-এর দুশমন।
তিনি জুলুমের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে বলেন, অতীতে ফেরাউন, নমরুদসহ জালিমদের পরিণতি দেখেছি, বর্তমানেও জালিমদের তেমনই ফল হবে। ক্ষমতায় আসলে কোনো ধরনের জুলুম চলবে না। “বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, কিন্তু ক্ষমতার অপব্যবহার যেন না হয়।”
বক্তা আরও বলেন, নবীর পরে আর কোনো নবী নেই, বিদআতে হেদায়েত নেই। তাই দেশের শাসনে নেক, ন্যায়বান ও কল্যাণমূলক নেতৃত্ব অপরিহার্য। ইশরাক হোসেনকে সকলের সম্মিলিত ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই ছেলেকে দিয়ে কাজ হবে, ইনশাল্লাহ।”
জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু। প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভুইয়া, যুগ্ন আহ্বায়ক মকবুল হোসেন টিপু, আব্দুস সাত্তার, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এছাড়া স্বেচ্ছাসেবক দল, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী জনসভায় ইসলামিক মূল্যবোধ ও ন্যায়বিচার বিষয়ক বার্তা তরুণ ও ধর্মনিরপেক্ষ ভোটারদের মনোবল বাড়াতে সহায়ক হতে পারে।