কারাবন্দি খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগে সালাম মুর্শেদীর বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। এ কারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয়। একই সঙ্গে তার স্ত্রী শারমিন সালামের দেশত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
আবেদনে দুদক উল্লেখ করে, সালাম মুর্শেদী ও অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রা বন্ধ করা প্রয়োজন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন সালাম মুর্শেদী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, সালাম মুর্শেদী ও সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
উল্লেখ্য, সরকার পতনের পর ২০২৪ সালের ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।