বগুড়া-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, নৈশপ্রহরী গুরুতর আহত
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনী অফিসে ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় অফিসের নৈশপ্রহরী আক্কাস আলী (৪০)কে মারধর করে হত্যার উদ্দেশ্যে পাশের একটি খড়ের গাদার নিচে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিহালী ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আক্কাস আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে নির্বাচনী কার্যক্রম শেষ করে নেতাকর্মীরা অফিস ত্যাগ করেন। তখন অফিসে একমাত্র পাহারায় ছিলেন নৈশপ্রহরী আক্কাস আলী। রাতের কোনো এক সময় ৪–৫ জনের একটি দুর্বৃত্ত দল অফিসে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে। তারা নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে এবং দলীয় প্রধানের ছবি অবমাননা করে।
পিরব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম জানান, হামলার পর নৈশপ্রহরীকে মারধর করে পাশের একটি খড়ের গাদার নিচে ফেলে রাখা হয়। রোববার ভোরে স্থানীয়রা অফিসে এসে ভাঙচুরের চিহ্ন দেখতে পান। পরে আক্কাস আলীকে না পেয়ে তার মোবাইল ফোনে কল করলে খড়ের গাদার ভেতর থেকে রিংটোনের শব্দ পাওয়া যায়। সেখান থেকে তাকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৪–৫ জন দুর্বৃত্ত রাতের আঁধারে এই হামলা চালিয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।