ভোটের আগে বুঝতে হবে কারা মানুষের পাশে থাকে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট দেওয়ার আগে মানুষকে বুঝতে হবে কারা সত্যিকার অর্থে জনগণের পাশে থাকে। শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়; সঠিকভাবে নির্বাচন করতে হবে কারা এলাকার মানুষের পাশে দাঁড়ায় এবং কারা বিপদের সময় দেশের মানুষের সহায় হয়। তিনি বলেন, এবারের নির্বাচন হবে—কারা মানুষের পাশে থাকে, সেটি যাচাই করার ভোট।
রোববার রাতে রাজধানীর বাড্ডা এলাকার সাঁতারকুলের সানভ্যালি মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গত তিনটি জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ভোট নিয়ে নাটক হয়েছে এবং সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। তবে এবার দেশের মানুষ ভোট দিতে প্রস্তুত এবং নির্বাচন সুষ্ঠু করতে সবাই ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের উন্নয়ন দর্শনের সমালোচনা করে বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিপুল অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, শুধু ভোট দেওয়াই যথেষ্ট নয়, সঠিক মানুষকে ভোট দিতে হবে। কারা মানুষের পাশে থাকে এবং কাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে—তা বিবেচনায় নিতে হবে। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা ও অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে।
দেশের অর্থনৈতিক সংকট ও বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নের নামে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যার ফল ভোগ করছে দেশের তরুণ সমাজ। বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমানো হবে বলে আশ্বাস দেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছাতে হলে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সরকার গঠনের প্রথম দিন থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে এবং এমন পরিবেশ সৃষ্টি করা হবে, যেখানে সবাই নিরাপদে বসবাস করতে পারবে।
বাড্ডা ও সাঁতারকুল এলাকার স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অতীতে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, মানুষের কল্যাণে কাজ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশ ও জনগণের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।