কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আরিফুল ইসলাম এ আদেশ দেন।
নির্বাচনি বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনী এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫-এর ৭(ঝ) ধারা লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ব্যানারে নির্ধারিত মাপের চেয়ে বড় আকারের ছবি ব্যবহার করার অভিযোগও আনা হয়, যা আচরণ বিধিমালার ২৫-এর ৭(ছ) ধারা লঙ্ঘন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ দুটি অভিযোগের বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক আমির হামজাকে মোট ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।