বাগেরহাট-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপন
শেষ মুহূর্তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা কাজী খাইরুজ্জামান শিপন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে কাজী খাইরুজ্জামান শিপন অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিদেশি নম্বর ব্যবহার করে তাকে ও তার নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমার এবং আমার নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া ঝুঁকিপূর্ণ। এতে আমাদের নানা ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।”
কাজী খাইরুজ্জামান শিপন দাবি করেন, বাগেরহাট-৪ আসনে এখনো সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত হয়নি। তিনি বলেন, “এই অবস্থায় মোরেলগঞ্জ ও শরণখোলায় সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি মনে করি না। তাই জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
সংবাদ সম্মেলনে তার অনুসারী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ এনে তিনি মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উল্লেখ্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খাইরুজ্জামান শিপন দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় গত ২১ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।