ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান দায়িত্ব থেকে সরে যেতে চান বলে ঘোষণা দিয়েছেন। তবে ধারাবাহিকতা রক্ষা ও প্রশাসনিক শূন্যতা এড়াতে সরকার ও অংশীজনরা চাইলে আরও কিছু সময় দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নেবেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপাচার্য।
সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা ও শূন্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, তাহলে সে বিষয়টি আমি বিবেচনা করব।’
তিনি বলেন, যে বিশেষ পরিস্থিতিতে তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন, অংশীজনদের সহযোগিতায় সেই আপদকালীন পরিস্থিতি বিশ্ববিদ্যালয় অতিক্রম করতে পেরেছে। বর্তমানে পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, এখন দায়িত্ব হস্তান্তরের উপযুক্ত সময় এসেছে বলে তিনি মনে করছেন।
উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যেন কোনো শূন্যতা সৃষ্টি না হয় এবং একটি স্মুথ ট্রানজিশন নিশ্চিত হয়, সে জন্য সরকার বা অংশীজনরা যদি মনে করেন ধারাবাহিকতার স্বার্থে আমাকে আরও কিছু সময় দায়িত্বে থাকা প্রয়োজন, তাহলে আমি সে দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি।’
তিনি জানান, রাজনৈতিক সরকার যেন নিজস্ব বিবেচনায় প্রশাসনিক কাঠামো সাজিয়ে নিতে পারে, সে কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করছেন। তবে প্রয়োজন হলে সহযোগিতা দিতে তিনি যেকোনো সময় প্রস্তুত থাকবেন বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তিনি ডেপুটেশন শেষ করে নিজের মূল পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতায় ফিরে যেতে চান।