৪ শ্রেণির শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের ভাতা দেবে সরকার, আবেদন শুরু
দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদদের পাশাপাশি কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের জন্য ভাতা ও শিক্ষা বৃত্তি দেবে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের জন্য ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য জাতীয় ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা আগামী ৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন দাখিল করতে হবে।
জাতীয় ক্রীড়া ভাতার আবেদন লিংক: sports-allowance.online.info.bd
ক্রীড়া শিক্ষা বৃত্তির আবেদন লিংক: sports-edu.online.info.bd