সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক
বাগেরহাট: সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখ (২৫)কে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে ধাওয়া করে ধরা হয়।
আটককৃত বাদশার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ।
কোস্টগার্ড জানায়, বাদশা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে দলকে সহায়তা করছিল। তাকে মোংলা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
কোস্টগার্ড জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা-এর নির্বাহী কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ জানান, নির্বাচনী দায়িত্বে থাকা অবস্থায় কিছু অসাধু চক্র সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করার লক্ষ্য নিয়ে কোস্টগার্ড বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ডাকাত বাদশাকে আটক করা হয়। এ সময় ডাকাত বাহিনীর ৫টি আস্তানাও ধ্বংস করা হয়েছে।