রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও বিস্তৃত করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশের শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার সুযোগ বাড়বে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামের আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ইউ টিন উ লুইন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক যোগাযোগ ও অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়।
ফোরামের আয়োজনে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনালকে একটি বিশেষ সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর। এতে তিনি বাংলাদেশের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষ ও বিভিন্ন লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সংগীতের বিভিন্ন ধারা তুলে ধরবেন।
ফোরামের দ্বিতীয় দিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ‘Folk Artisan Craftwork Rebooted’ শীর্ষক একটি সেশনে মূল বক্তব্য দেবেন নিতাই রায় চৌধুরী। সেখানে বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্পের পুনর্জাগরণ এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের আন্তর্জাতিক সম্ভাবনা তুলে ধরার কথা রয়েছে।
এদিকে, শুক্রবার বিকেলে ফোরামের প্লেনারি সেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিত থাকার কথা রয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গত ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে। প্রতিনিধি দলে সংস্কৃতি মন্ত্রণালয়ের দুইজন যুগ্মসচিব রয়েছেন। আগামী ২৮ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
রূপক/ 24.09.26