ছাদে বসানো মাত্র নয়টি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন করে নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছেন মাগুরার প্রকৌশলী মো. আখতারুজ্জামান। নবায়নযোগ্য জ্বালানির এই উদ্যোগ থেকে প্রতি মাসে তিনি প্রায় ৭০০ ইউনিট অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করছেন।
জানা গেছে, ঢাকার নবাবপুর থেকে বিএসটিআই ও স্রেডা অনুমোদিত ‘ওমেপা’ ও ‘জিংকো জে.এ’ কোম্পানির নয়টি সোলার প্যানেল সংগ্রহ করে নিজের একতলা ভবনের ছাদে স্থাপন করেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বর থেকে এসব প্যানেলের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
প্রতিটি প্যানেলের উৎপাদন ক্ষমতা ৫৫০ থেকে ৬৩০ ওয়াট। ‘সালেহা অয়েল মিল’ নামে নেট মিটারিং প্রকল্পটি স্থাপনে তাঁর মোট ব্যয় হয়েছে ১ লাখ ৮৪ হাজার টাকা। বর্তমানে প্রকল্পটি থেকে দৈনিক গড়ে প্রায় ৪ দশমিক ৯ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
অনগ্রিড ইনভার্টার প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির গ্রিডে যুক্ত করা হয়েছে। কেচুয়াডুবি এলাকায় অবস্থিত ‘সালেহা অয়েল মিল’ ও ‘সালেহা এলপিজি স্টেশন’-এর আলোকসজ্জার প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় ৪০ শতাংশ এ সৌরবিদ্যুৎ থেকে মেটানো হচ্ছে। চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করছেন আখতারুজ্জামান।
তিনি জানান, মাসে প্রায় ৭০০ ইউনিট অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি হচ্ছে। প্রতি ইউনিট সাড়ে ১০ টাকা হিসাবে এ খাত থেকে তাঁর মাসিক আয় প্রায় ৭ হাজার ৩৫০ টাকা।
প্রকল্পটির কর্মচারী মো. তানভীর বলেন, সৌরবিদ্যুতের এই উদ্যোগ তরুণদের নতুনভাবে উদ্যোক্তা হওয়ার বিষয়ে আগ্রহী করছে। দূর-দূরান্ত থেকে শিক্ষিত তরুণরা এখানে এসে কাজটি সম্পর্কে ধারণা নিচ্ছেন। তিনি আশা করেন, প্রকল্পটি বড় হলে আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
নতুন উদ্যোক্তা অমিত মিত্র বলেন, তাঁর নিজের বাড়িতেও এক কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। আখতারুজ্জামানের কাছ থেকে নিয়মিত বিভিন্ন বিষয় শিখছেন তিনি। ভবিষ্যতে আরও সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখতে চান।
উদ্যোক্তা প্রকৌশলী মো. আখতারুজ্জামান বলেন, বাংলাদেশসহ বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে গুরুত্ব বাড়ছে। স্থানীয় বিদ্যুৎ বিভাগের প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ পেলে তাঁর প্রকল্পটি আরও বড় পরিসরে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যুক্ত করা সরকারের অগ্রাধিকার উদ্যোগগুলোর একটি। আখতারুজ্জামানের স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কিছুটা অবদান রাখছে। এ ধরনের উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে।
রূপক/ 24.06.26