মেহেরপুরের গাংনীতে একটি ক্লাবের পাশে হাতবোমা বা ককটেল সদৃশ একটি বস্তু এবং হাতে লেখা চিরকুট ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ও চিরকুটটি উদ্ধার করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর গোয়াল গ্রামের সরদারপাড়ার সোনালী বাংলা ক্লাবের পাশে সাদবকের বড়ার দোকানের একটি বেঞ্চের ওপর এগুলো দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতবোমা সদৃশ বস্তু ও হাতে লেখা চিরকুটটি উদ্ধার করেছে।
চিরকুটে স্থানীয় কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে বিভিন্ন অভিযোগ ও হুমকিমূলক বক্তব্য লেখা ছিল। সেখানে টাকা দেওয়ার দাবি জানানো হয় এবং তা না হলে পরিণতি ভোগ করতে হবে—এমন হুমকিও দেওয়া হয়েছে। চিরকুটের শেষে ‘সত্য কথার শত্রু অনেক’ লেখা রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে দেখা হবে। একই সঙ্গে চিরকুটের লেখক ও এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হলেও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছে।
ঢাকা: 23-09-26