সম্প্রতি তিনি একটি শো রুম উদ্বোধনে গিয়ে পড়েছেন এক নায়িকা । ভেঙেছে তার গাড়ির জানালা। তবে অভিনেত্রী আছেন নিরাপদে। তিনি হলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানি। বিহার ও উত্তর প্রদেশ অঞ্চলে তার পরিচিতি বেশ। সেই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হলো তাকে।
জানা গেছে, বিহারের একটি জুয়েলারি শোরুম উদ্বোধনে গিয়েছিলেন কাজল। তার আগমনের খবর শুনে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। অভিনেত্রীকে এক নজর দেখার জন্য ভিড় জমায় সেখানে। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।
কাজল গাড়ির ভেতরে আছেন, এই ভেবে জানালার কাচ অব্দি ভেঙে ফেলেন কিছু মানুষ। অগত্যা স্থানত্যাগ করেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময়ও অভিনেত্রীকে বহনকারী গাড়ির পেছনে ছুটছেন বিপুলসংখ্যক মানুষ।
পরে কাজল রাঘওয়ানি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন। কোনো আঘাত পাননি। ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও দিয়ে লিখেছেন, ‘আমি সুস্থ-স্বাভাবিক আছি। আপনারা দুশ্চিন্তা করবেন না।’
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। এ ঘটনায় আয়োজকদের নোটিশ দেওয়া হবে বলেও জানা গেছে। যদিও শোরুম মালিক জানিয়েছেন, জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন তিনি।
উল্লেখ্য, অল্প বয়সেই অভিনয় শুরু করেন কাজল রাঘওয়ানি। শুরুটা গুজরাটি সিনেমা দিয়ে। পরে ২০১৩ সালে ‘রিহাই’-এর মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’-এর মতো জনপ্রিয় সিনেমা করেছেন কাজল।