ডেঙ্গুর বিস্তার ঠেকানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোগ প্রতিরোধের পাশাপাশি দেশের সার্বিক পরিবেশ উন্নয়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিবাচক পরিবর্তন কোনো একক উদ্যোগে সম্ভব নয়। রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষ ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে এলে বড় কোনো প্রতিবন্ধকতাই পরিবর্তনের পথে স্থায়ী বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, আগামী তিন মাস এ রোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। ডেঙ্গুর সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হবে।
নাগরিকদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নিজের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আশপাশের মানুষ ও পরিবেশকেও সুস্থ রাখার দায়িত্ব সবার। প্রত্যেকে যদি প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে ব্যয় করেন, তাহলে সম্মিলিতভাবে এর ইতিবাচক প্রভাব সমাজে পড়বে।
তিনি এ উদ্যোগকে শুধু ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি হিসেবে না দেখে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর দেশ গঠনে নাগরিকদের অংশগ্রহণের একটি ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।