লিবিয়ায় আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর দীর্ঘ সময় ধরে তারা ওই আটককেন্দ্রে ছিলেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অনিয়মিত পথে সমুদ্রপথে ইউরোপ বা অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা অনেক সময় অভিবাসীদের ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলে। এ ধরনের যাত্রায় কেউ প্রাণ হারান, কেউ নিখোঁজ হন, আবার অনেকে জিম্মি বা আটক হয়ে দীর্ঘদিন বন্দিজীবন কাটাতে বাধ্য হন।
দূতাবাস দালাল ও মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত পথে বিদেশে যাওয়ার চেষ্টা না করার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের শনাক্ত করা, তাদের কনস্যুলার সহায়তা দেওয়া এবং দেশে ফেরানোর কাজে দূতাবাস নিয়মিতভাবে কাজ করছে। এ জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করছে দূতাবাস।
এদিকে বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে থাকা অন্য বাংলাদেশিদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।