দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি সমন্বয় করতে আজ শনিবার (১৭ অক্টোবর) সরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার খোলা রাখা হচ্ছে। একই সঙ্গে আদালতও খোলা থাকবে। এ জন্য আজকের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ১৭ অক্টোবর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে ছুটি নির্ধারিত ছিল। পরে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়।
ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।
#Aronno_News #DurgaPuja2026 #PublicHoliday #BangladeshNews #OfficeUpdate