রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে আগারগাঁও লিংক রোডে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশ পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তাঁরা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে গেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।
ডিসি ইবনে মিজান জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। রাতে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সব ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। সকালে প্রতিষ্ঠানগুলো খুললে ফুটেজ সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিস্ফোরিত না হওয়া ককটেলটি পরীক্ষা করে কোনো স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি বলে জানান তিনি। বস্তুটি অনেকটা পটকার মতো ছিল বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনের কাছে এ ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে ইবনে মিজান বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে লিংক রোড ব্যবহার করে ঘটনাস্থলে আসে এবং ককটেল নিক্ষেপ করে চলে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকলেও তারা বিকল্প পথ ব্যবহার করেছে।
তিনি আরও বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অরণ্য- ১০.১০.২৬