টাকা ভাঙিয়ে না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে রাজশাহীতে আবদুল বারী নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে তাঁর দোকানে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শনিবার সন্ধ্যায় চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড়ে এসে বারীর দোকানে টাকা ভাঙাতে যান। বারী টাকা ভাঙিয়ে দিতে অপারগতা প্রকাশ করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
এর জের ধরে রাত পৌনে ২টার দিকে দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে ৫০ থেকে ৫৫ জনের একটি দল বারীর দোকানে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আগুন দেখে বারী ও তাঁর পরিবারের সদস্যরা দোকান থেকে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বারীকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তিনি আরও জানান, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।