বরিশালের গৌরনদীতে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসবে রাজনৈতিক প্রক্রিয়া ও গণমাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়া জবাবদিহির আওতায় না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের মতো রাষ্ট্র পরিচালনায়ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, শেখ হাসিনা সরকারের পতন জবাবদিহির অভাবের পরিণতি। তাঁর মতে, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন জনগণের সঠিক ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হলে শেখ হাসিনা সরকারে থাকুন বা বিরোধী দলে—দুই ক্ষেত্রেই জবাবদিহির মধ্যে থাকতেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত না করার পরিণতিতে তাঁকে আজ অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের জবাবদিহি নিশ্চিতের তাগিদ
সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কোনো সভ্য রাষ্ট্রে জবাবদিহির বাইরে থাকা প্রতিষ্ঠান থাকা উচিত নয়। গণমাধ্যমের মালিকদেরও কর প্রদান, সাংবাদিক-কর্মচারীদের বেতন, ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং সম্পাদকীয় নীতিমালা অনুসরণের বিষয়ে জবাবদিহি করতে হবে।
তিনি অভিযোগ করেন, দেশের গণমাধ্যমের একটি অংশ জবাবদিহির অভাবে ব্যক্তিগত চরিত্র মূল্যায়ন ও মিডিয়া ট্রায়ালে জড়িয়ে পড়েছে। ক্ষমতাসীনদের কাছ থেকে ব্যবসায়িক সুবিধা, কর ফাঁকি কিংবা ব্যাংক থেকে অনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে কেউ কেউ এমন কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের ক্ষমতা যেমন নিশ্চিত করতে হবে, তেমনি সেই ক্ষমতা যেন দেশের বা জনগণের স্বার্থবিরোধী কাজে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন।
জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা
জুলাইয়ের অভ্যুত্থানে গণমাধ্যমের একাংশ আন্দোলনকারী ও শহীদদের পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এসব গণমাধ্যমের ভূমিকার কারণে অনেক তরুণ রাজনৈতিক কর্মী জাতীয় পর্যায়ের নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার প্রকাশক ও সম্পাদক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র মোড়ক উন্মোচন করেন। এতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য বি এম বেলাল।
একই দিন দুপুর ১২টায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এম জহির উদ্দিন স্বপন।