দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মানেই ভক্তদের বাড়তি আগ্রহ। পর্দার ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে এবার মালদ্বীপের নীল জল আর সাদা বালুর সৈকতে সময় কাটাচ্ছেন এই তারকা। ছুটির মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেই তা নিয়ে শুরু হয়েছে ভক্তদের উচ্ছ্বাস।
রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালদ্বীপ ভ্রমণের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন নয়নতারা। ছবিতে রোদ ঝলমলে সৈকতে হালকা হলুদ রঙের পোশাকে স্বচ্ছন্দ ভঙ্গিতে হাঁটতে দেখা যায় তাকে।
কখনো চোখে সানগ্লাস, আবার কখনো মাথায় টুপি—সাদামাটা অথচ স্টাইলিশ অবতারে বেশ প্রাণবন্ত দেখাচ্ছে অভিনেত্রীকে। সমুদ্র, নীল আকাশ ও সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নয়নতারার ছুটির আমেজ ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবির লোকেশন হিসেবে মালদ্বীপের ফারি দ্বীপপুঞ্জের উত্তর মালে অ্যাটলে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট পাতিনা মালদ্বীপকে উল্লেখ করেছেন নয়নতারা। পোস্ট করার পরপরই তাঁর অনুসারীরা ছবিগুলোতে প্রশংসা ও শুভেচ্ছা জানাতে শুরু করেন।
তবে শুধু অবকাশযাপন নয়, কাজের দিক থেকেও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তাকে বড়পর্দায় দেখা গেছে **‘হাই’** সিনেমায়। বিষ্ণু এদাভান পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিতে দেবায়ানি চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। তাঁর বিপরীতে ছিলেন কাভিন।
ছবির গল্পে ময়িল ও দেবায়ানি নামের দুই ভিন্ন স্বভাবের মানুষের জীবন, নানা জটিলতা এবং মিথ্যা-অস্থিরতার মধ্য দিয়ে তৈরি হওয়া সম্পর্ককে তুলে ধরা হয়েছে। প্রচলিত গল্প বলার ধরন থেকে খুব বেশি আলাদা না হলেও ছবির নাটকীয়তা ও নানা বাঁক দর্শকদের আগ্রহ ধরে রেখেছে বলে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মত।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নয়নতারার জনপ্রিয়তা ব্যাপক। তাই মালদ্বীপের অবকাশযাপনের এই ছবিগুলো প্রকাশের পরও ভক্তদের মধ্যে তা নিয়ে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
রূপক/ 23-09-26