পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের গাইনোকলজি ওয়ার্ডের নবজাতক কক্ষে আজ সকালে আগুন লেগে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পিআইএমএস কর্মকর্তারা জানান, আগুন লাগার সময় নার্সারিতে মোট ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর জিও নিউজের।
উদ্ধারকারী সংস্থার সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের নার্সারির ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়।
উদ্ধারকর্মীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ঠান্ডা করার কাজ চলছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাসপাতালের এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় আগুনের ঘটনায় ১৫ টি শিশু সম্পূর্ণ পুড়ে যায়।
জেলা প্রশাসন জানায়, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স অংশ নেয়।
ঘটনাটি তদন্তে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটি আগুন লাগার প্রকৃত কারণ এবং কীভাবে এই ভয়াবহ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখবে।