টানা মূল্যবৃদ্ধির পর আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার ঘটনায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা—এই দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাবে ওঠানামা করছে তেলের বাজার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৯৩ দশমিক ২৭ ডলারে নেমেছে।
এর আগে সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলারে স্থির হয়, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে দাম বাড়ার চাপ তৈরি করছে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়লে সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে। ফলে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং বাড়তি জ্বালানি পাওয়ার সম্ভাবনা—দুইয়ের প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করছে।
**সূত্র: রয়টার্স, আল জাজিরা**