মাগুরা সদর উপজেলার ভায়না মোড় ও ঢাকা রোড এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কনফেকশনারি, ফলের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযানকালে ঢাকা রোডের মেসার্স লিটন ফল ভান্ডারকে ফলের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অতিরিক্ত লাভে ফল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেসার্স রানা ফল ভান্ডারকে ৩৮ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স শহিদ ফল ভান্ডারকে ৩৮ ধারায় ৩ হাজার টাকা এবং মেসার্স রতন ফল ভান্ডারকে ৪৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভায়না মোড়ের মেসার্স ফুডি চয়েস নামের একটি কনফেকশনারিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়। ডেটবিহীন কেক বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারীরা ব্যবসায়ীদের ভবিষ্যতে আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফয়েজুল কবির এবং মাগুরা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল অভিযানে সহযোগিতা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অরণ্য- ০৫/১০/২৬