নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামাতা মিজানুর রহমানের গ্রেপ্তার নিয়ে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর। এ ঘটনায় নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার অভিযোগও অস্বীকার করেছেন তিনি।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে আব্দুল গফুর বলেন, ঢাকার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তাঁর নজরে এসেছে। এসব প্রতিবেদনে তাঁকে ও জামায়াতে ইসলামীকে জড়িয়ে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংসদ সদস্য দাবি করেন, মিজানুর রহমানকে তাঁর ব্যক্তিগত বাসভবন থেকে গ্রেপ্তারের খবর সঠিক নয়। ঢাকার মাটিকাটায় তাঁর নিজস্ব কোনো বাসা নেই। তিনি সরকারিভাবে বরাদ্দ ন্যাম ভবনে থাকেন বলে বিবৃতিতে উল্লেখ করেন।
মিজানুর রহমানের সঙ্গে নিজের কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই দাবি করে আব্দুল গফুর বলেন, বিষয়টি তাঁর জামাতার ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে সম্পর্কিত। এর সঙ্গে জামায়াতে ইসলামীরও কোনো যোগসূত্র নেই বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে সংসদ সদস্য বলেন, মিজানুর রহমানের সঙ্গে নিউ গ্রিন প্রোপার্টিজের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। প্রতিষ্ঠানটির কাছে তাঁর জামাতার পাওনা টাকা বকেয়া ছিল। ওই অর্থ আদায়ে মিজানুর রহমান আইনগত পদক্ষেপ নিয়ে থানায় মামলা করেন বলে দাবি করেন তিনি।
আব্দুল গফুরের ভাষ্য অনুযায়ী, মামলার পর প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম পাওনা টাকার একটি অংশ পরিশোধ করেন। তবে বাকি অর্থ পরিশোধ না করার উদ্দেশ্যে পরে পাল্টা মামলা করা হয়। তাঁর দাবি, ওই মামলাটি পরবর্তী সময়ে খারিজ হয়ে যায়।
সম্প্রতি সংঘটিত ভাঙচুরের ঘটনায় মিজানুর রহমানের সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন সংসদ সদস্য। তাঁর অভিযোগ, ব্যবসায়িক বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বিবৃতিতে আব্দুল গফুর আরও বলেন, ব্যক্তিগত বিরোধের সঙ্গে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ ধরনের সংবাদ জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করে।
#BangladeshNews #PoliticalNews #DhakaNews