বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরার পথেই নেমে এলো শোকের ছায়া। চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর শিকলবাহা চৌমুহনী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীবাহী মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা হয়। পথে শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির সরাসরি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসের সামনের অংশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মো. ফেরদৌস আলম (৫) ও মিফতাহ (১৭) নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক মুন্না (৪০)সহ আরও দুজন মারা যান। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং আহতদের হাসপাতালে পাঠান।
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে ভ্যানটির চালক ও সহকারী পালিয়ে গেছেন।