নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাউশির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি মাউশির আঞ্চলিক পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নজরুল বর্ষের কর্মসূচির অংশ হিসেবে মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকা অনুসরণ করে প্রতিযোগিতা আয়োজন ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের ক্ষেত্রে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা ও নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনার সঙ্গে পরিচিতি বাড়ানো এবং সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে।