ইয়েমেনের তাইজ গভর্নরেটে স্থল সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি যোদ্ধা নিহত এবং আরও ২১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সরকারপন্থি বাহিনী। তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে তাইজ সামরিক কমান্ড এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, হুতিদের অবস্থান ও সমাবেশ লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে নয়টি হামলা চালানো হয়েছে। আল-মিসরাখ জেলা, আল-শাকাব ফ্রন্ট এবং তাইজ শহরের আশপাশে এসব হামলা চালানো হয়।
এদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা'দা গভর্নরেটে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
জোটের এ ঘোষণার আগে হুতিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল জানায়, সা'দা শহরের পূর্বাঞ্চলে সৌদি আরব দুটি বিমান হামলা চালিয়েছে।
ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে এসব হামলা ও পাল্টা হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।