গাজীপুরের রাজেন্দ্রপুরে ময়লার স্তূপের পাশে পড়ে থাকা বিস্ফোরকসদৃশ বস্তু হাতে নেওয়ার পর বিস্ফোরণে এক ব্যবসায়ীর চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে সাটিয়াবাড়ী বাজারে নূর মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম নূর মোহাম্মদ (৪৫)। তিনি আসবাবপত্রের ব্যবসা করেন। বিস্ফোরণে তার এক হাত গুরুতর জখম হয়েছে। তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে নূর মডেল স্কুলের সামনে ময়লার স্তূপের পাশে প্রস্রাব করতে যান নূর মোহাম্মদ। এ সময় সেখানে একটি বিস্ফোরকসদৃশ বস্তু দেখতে পেয়ে সেটি হাতে তুলে নেন। পরে বস্তুটির সেফটি রিং খুলে ফেললে বিস্ফোরণ ঘটে। এতে তার হাত গুরুতরভাবে জখম হয় এবং চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
#Gazipur #Explosion #BreakingNews #BangladeshNews #Aronno_News