জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার তরুণ সজিব হোসেন। কিন্তু কর্মস্থলে থাকা অবস্থায় হুতিদের হামলায় প্রাণ হারাতে হলো ২৫ বছর বয়সী এই বাংলাদেশিকে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় একটি আরামকো স্থাপনায় হামলার ঘটনায় তার মৃত্যু হয়।
রোববার (৪ অক্টোবর) সৌদি স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটে। পরদিন সোমবার এক বিবৃতিতে সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানলে সেখানে থাকা বাংলাদেশি নাগরিক সজিব হোসেন নিহত হন।
নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।
সজিবের একই প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মী আল আমিন মুঠোফোনে তার মৃত্যুর খবর দেশে পরিবারের সদস্যদের জানান। খবরটি গ্রামে পৌঁছানোর পর স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সন্তান হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সজিবের বাবা-মা।
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের হামলার নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে সজিবের পরিবারের সদস্য ও তার নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে দূতাবাস। পাশাপাশি নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হচ্ছে।
#SaudiArabia #BangladeshiWorker #MiddleEast #MissileAttack #Bangladesh