বিশ্বের সবচেয়ে বড় বহুপক্ষীয় কূটনৈতিক মঞ্চ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ শুরু হচ্ছে। এবারের অধিবেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি পুরো অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এই পর্বেও সভাপতির আসনে থাকবেন ড. খলিলুর রহমান। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
বাংলাদেশের জন্য এবারের অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।
প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি বিশ্বের সর্বোচ্চ বহুপক্ষীয় কূটনৈতিক ফোরামের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও কূটনৈতিক গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।