বিদেশে উচ্চশিক্ষার ফি পরিশোধে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংকৎ
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফি পরিশোধের প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের জন্য অনুমোদিত ব্যাংকগুলো শিক্ষার্থীদের আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান টিউশন ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত অর্থ আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে গ্রহণ করে। এ কারণে শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষা-সংক্রান্ত ফি পরিশোধের জন্য নির্দিষ্ট আন্তর্জাতিক কার্ড ইস্যু করতে পারবে।
তবে কার্ডটি অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে ইস্যু করতে হবে। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এ ধরনের কার্ড ইস্যু ও লেনদেনের ক্ষেত্রে সব অনুমোদিত ডিলার ব্যাংককে বিদ্যমান বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধানের পাশাপাশি অর্থপাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে নির্ধারিত নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য শিক্ষা ব্যয় পরিশোধে আগের তুলনায় আরও একটি সহজ ও বৈধ আন্তর্জাতিক লেনদেনের সুযোগ তৈরি হলো।