সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে ব্যাহত হয়েছে ৬১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট। এতে ৯ হাজার ২৬৯ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। হুতিদের হামলার প্রেক্ষাপটে বিমান চলাচলে এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
ফ্লাইট বাতিল ও সময়সূচিতে বিঘ্ন ঘটায় যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ করছে বলে জানিয়েছে বেবিচক।