সৌদি আরবের রাজধানী রিয়াদ ও আবহায় দুটি বিমানবন্দরে হামলায় অন্তত তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হন। অন্যদিকে আবহা বিমানবন্দরের স্থাপনায় হামলায় দুজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাগুলোর একটি মঙ্গলবার এবং অন্যটি বুধবার হলেও কোনটি কোন দিনে হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
এদিকে একই সময়ে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।
বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে জোটটি জানায়, তারা ইয়েমেনের সাদা, হোদেইদাহ, জাওফ ও মারিব প্রদেশে হুতিদের ৮০টির বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এর আগে বুধবার ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয় বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। কায়রো থেকে একটি ফ্লাইট অবতরণের কয়েক মিনিট আগে একটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের রানওয়ের কাছে গিয়ে পড়ে। হুতিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের অংশের জন্য এ বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশদ্বার।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালীর আশপাশের এলাকা সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথের কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।
চলতি সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী বাব আল-মান্দাব প্রণালী ও মোখা শহরের আশপাশের কৌশলগত এলাকা পুনর্দখলে অভিযান শুরু করেছে। গত সেপ্টেম্বরে এসব এলাকা হুতিদের নিয়ন্ত্রণে যায়। তবে সরকারি বাহিনীর এই অগ্রযাত্রা কতটা স্থায়ী হবে, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: রয়টার্স