বিরোধী দলের আন্দোলন ও সরকার পতনের হুঁশিয়ারির সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, বিরোধী দল আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে। লংমার্চ করে সরকার পতনের ঘোষণা দেওয়ার কথা বলছে তারা। এসব বক্তব্যের পরিবর্তে বিরোধী দলকে সংসদে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আহমেদ আযম খান বলেন, বিরোধী দল বলছে, তারা শিগগিরই এক দফার ঘোষণা দেবে এবং সরকার পতনের আন্দোলন করবে। তিনি প্রশ্ন তুলে বলেন, “কিসের এক দফা, কিসের সরকারের পতন?” তার ভাষ্য, বিরোধী দল আওয়ামী লীগের সুরে কথা বলছে।
মন্ত্রী দাবি করেন, গত সাত মাসে বিএনপির কোনো সংসদ সদস্য কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেননি। তাঁর দাবি, এ সময়ে দেশে কোনো গুম, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার বা নির্যাতনের ঘটনাও ঘটেনি।
তিনি বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিরোধী দলের গঠনমূলক রাজনীতিতে সহযোগিতা করতে চায়। জনগণের ভোটে গঠিত জাতীয় সংসদেই সব আলোচনা, আন্দোলন, সমস্যা ও ভুলত্রুটি নিয়ে কথা বলার আহ্বান জানান তিনি।
আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী সরকার গঠনের পর বাংলাদেশকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সরকার অর্থনীতি পুনর্গঠন এবং বিশ্বদরবারে দেশের মর্যাদা বাড়াতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ নেত্রী সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে না দেওয়ার কথা বলেছিলেন। তাঁর অভিযোগ, বর্তমান বিরোধী দলের কর্মকাণ্ডেও একই ধরনের অস্থিতিশীলতা তৈরির প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি বলেন, বিরোধী দলকে তাদের পাওয়া আসন ধরে রাখার চেষ্টা করতে হবে। উস্কানিমূলক বক্তব্য, লংমার্চ ও সরকার পতনের আন্দোলনের কথা বলে জনসমর্থন ধরে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বিরোধী দলকে ‘মানি না, মানব না’ এবং জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতারা।