রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৮ মিনিটের দিকে মন্ত্রীর পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়িটি সার্কিট হাউজ রোডের বিপরীত লেন দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটি দেখতে পেয়ে থামিয়ে দেন।
পরে গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বিপরীত লেনে গাড়ি চালানো এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানোর অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনার সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে ছিলেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সিফাত বলেন, গাড়িটি লেন অমান্য করে চলাচল করায় স্বাভাবিক যান চলাচলে বাধার সৃষ্টি হচ্ছিল। এ কারণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য গাড়িটি থামান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আইন অনুযায়ী মামলা করা হয়।
পুলিশের কর্মকর্তারা বলছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি ট্রাফিক আইন অমান্য করে চলাচলের অভিযোগ অতীতে বিভিন্ন সময়ে উঠলেও কোনো মন্ত্রীর পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলাচলের অভিযোগে এ ধরনের মামলা নজিরবিহীন।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও যদি ট্রাফিক আইন মেনে চলেন, তাহলে সাধারণ মানুষের মধ্যেও আইন মানার প্রবণতা বাড়বে। প্রধানমন্ত্রী নিজে যানজটের মধ্যেও ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন—এ অবস্থায় কোনো মন্ত্রী বা সরকারি কর্মকর্তার গাড়ির উল্টোপথে চলাচল অনাকাঙ্ক্ষিত।