উদ্বোধন হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত কবে ?
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ, আহতদের সংগ্রাম এবং গণমানুষের আন্দোলনের ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, জাদুঘরটি কেবল স্মৃতিচারণের স্থান নয়; বরং জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ, সাহসিকতা এবং গণতান্ত্রিক অভিযাত্রার বিভিন্ন অধ্যায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এখানে সংরক্ষিত দলিল, আলোকচিত্র, ব্যক্তিগত স্মারক ও বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীরা আন্দোলনের প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ এবং তাৎপর্য সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। অনলাইনের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। জাদুঘরের মূল ভবনের ধারণক্ষমতা সীমিত হওয়ায় প্রতিদিন নির্ধারিত সংখ্যক দর্শনার্থীকে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এ কারণে মূল ভবন পরিদর্শনের জন্য তিনটি পৃথক সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মর্নিং স্লট, দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মিড-ডে স্লট এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইভনিং স্লট নির্ধারণ করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, টিকিটে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যেই দর্শনার্থীরা মূল ভবনে প্রবেশ করতে পারবেন। তাই নির্ধারিত স্লট অনুযায়ী আগাম টিকিট বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে। জাদুঘর পরিদর্শনের জন্য অগ্রিম টিকিট সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে সরকারি অনলাইন বুকিং প্ল্যাটফর্মে।