সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ঐতিহ্য সংরক্ষণে নতুন উদ্যোগের আলোচনা
সংস্কৃতি খাতে বাংলাদেশ ও ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদার করা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠকে ইউনেস্কো বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রধান কিজি তাহনিন উপস্থিত ছিলেন। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং যুগ্ম সচিব ইলিয়া সুমনাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যে বিদ্যমান সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সৃজনশীল অর্থনীতির বিকাশ, আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় এবং সংস্কৃতি খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি বৃদ্ধিতে ইউনেস্কোর অবদানের প্রশংসা করেন। তিনি দীর্ঘদিনের সহযোগিতার জন্য সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে নতুন অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য (আইসিএইচ) এবং বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্তির ক্ষেত্রে ইউনেস্কোর কারিগরি সহায়তা কামনা করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যের ডিজিটাল সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন, সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং সংস্কৃতি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রী ভবিষ্যতেও ইউনেস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভাইজ বৈশ্বিক সাংস্কৃতিক নীতিনির্ধারণে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তিনি দেশের সাংস্কৃতিক খাতের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কোর কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।