দেশে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৬ জন। একই সময়ে ঢাকায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগীরা ভর্তি হন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে।
কোন বিভাগে কত রোগী
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো—
ঢাকা: ৪৮৪ জন
চট্টগ্রাম: ২৮১ জন
সিলেট: ১৯৭ জন
বরিশাল: ১২৫ জন
খুলনা: ৯৮ জন
ময়মনসিংহ: ৮২ জন
রাজশাহী: ৩০ জন
রংপুর: ১৯ জন
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।
এদিকে একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। এর মধ্যে পরীক্ষায় ২০ হাজার ২০১ জনের হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা অব্যাহত থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি ও চিকিৎসা ব্যবস্থাপনা আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।