ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও পেশাগত উন্নয়ন জোরদারের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের সাংবাদিক শাহিনুর ইসলাম শাহিন। সাধারণ সম্পাদক করা হয়েছে এটিএন নিউজের সাংবাদিক রবিউল ইসলাম রবিকে। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাপ্তাহিক ২১-এর সম্পাদক হাসানুজ্জামান সুমন।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) রাজধানীর রাওয়া ক্লাবে সংগঠনটির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহ। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাগুরার সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন সিনিয়র সাংবাদিক জাহিদ রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস উপসচিব জাহিদুল ইসলাম রনি, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান মোহন, প্রবীণ সাংবাদিক আব্দুল্লাহ ওয়াজেদ, দীপ্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বশির হোসেন মিয়া, সিনিয়র সাংবাদিক সৈয়দ মাজহারুল পারভেজ, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান, এটিএন নিউজের হেড অব স্পোর্টস পবিত্র কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মতিউর রহমান টুকু এবং দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিবেদক রুস্তম মল্লিকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা বলেন, মাগুরা থেকে উঠে আসা সাংবাদিকদের ঢাকায় একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার ক্ষেত্রে নতুন এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বাড়াতে ফোরামটি কার্যকর উদ্যোগ নেবে বলে তারা আশা প্রকাশ করেন।
তাদের মতে, সংগঠনের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সদস্যদের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে নবীন ও প্রবীণ সাংবাদিকরা নিজেদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করতে পারবেন। একই সঙ্গে সদস্যদের কল্যাণে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও তৈরি হবে।
আলোচনায় মাগুরার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকরা দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে জেলার ইতিবাচক দিকগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধকে সামনে রেখে মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা ভবিষ্যতে সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মাগুরার উন্নয়ন ও অগ্রগতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। ঘোষিত এ কমিটি অতিসত্ত্বর উপদেষ্ট পরিষদ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।