পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথবাহিনীর বিশেষ বহর ইউরেনিয়াম নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড ও এপিবিএনের সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নিরাপত্তাবহর ইউরেনিয়াম নিয়ে রওনা দেয়। বহরে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি লরিতে ইউরেনিয়ামের চালান এবং অন্য একটি গাড়িতে প্রয়োজনীয় সরঞ্জাম নেওয়া হচ্ছে। বিশেষ এই বহর মহাসড়ক দিয়ে চলাচলের সময় নিরাপত্তার কারণে সড়কের একটি লেন সম্পূর্ণ ফাঁকা রাখা হচ্ছে।
এর আগে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৩ মিনিটে একটি বিশেষ কার্গো উড়োজাহাজে করে ইউরেনিয়ামের চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য আরও দুটি চালানে পারমাণবিক জ্বালানি আনা হবে। অর্থাৎ দুই ইউনিটের জন্য মোট নয়টি চালানে দেশে আসবে ইউরেনিয়াম। পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ সম্পন্ন করার কথা রয়েছে।
রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হচ্ছে। জ্বালানি সরবরাহ ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।
রূপক- 03/10/26