রাজধানীর ব্যস্ত মহাখালী এলাকায় একটি পরিত্যক্ত সাততলা ভবনে আগুন লাগার ঘটনায় আশপাশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মহাখালী রেলগেট সংলগ্ন এস কে টাওয়ার (এস কে শপিং মল)-এর পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে আগুন লাগার খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি অগ্নিনির্বাপক ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।