ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের কাজ চলছে: ডিএনসিসি প্রশাসক
ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ঢাকা শহরকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের ঘোষণা দেওয়ার পর থেকেই তা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নগর পরিষ্কার রাখতে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ক্লিন ও গ্রিন সিটির লক্ষ্য বাস্তবায়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। নগরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে চলমান কার্যক্রমকে আরও জোরদার করা হবে। তবে শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর করে নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় উল্লেখ করে নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
শফিকুল ইসলাম খান বলেন, নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে এবং পরিচ্ছন্নতার বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া টেকসইভাবে পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলা সম্ভব নয়। মিরপুরের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। একই সঙ্গে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।