সীমান্তে চোরাচালান, মাদকপাচার, মানবপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় তিনি বিজিবির সার্বিক কর্মকাণ্ড এবং সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদারে বাহিনীর নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগের কথাও রাষ্ট্রপতিকে জানান বিজিবি মহাপরিচালক।
রাষ্ট্রপতি বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে সীমান্তে নিয়োজিত এ বাহিনীকে সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করার উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রপতি। এ ধরনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সীমান্তে নজরদারি আরও কার্যকর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিজিবির কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও আন্তরিক ও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।