শিশু অপ্রতিমসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের শিকার নিরপরাধ শিশুদের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিভিন্ন মানবাধিকার, সামাজিক ও নাগরিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানবাধিকার কর্মী ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এমএসএফের সমন্বয়কারী অ্যাডভোকেট সাইদুর রহমান, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী ও এম কামরুজ্জামান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আঞ্জুয়ারা মিলি ও সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্তসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে শিশু নিখোঁজ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য তুলে ধরে তারা জানান, চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ১৫৫ শিশু নিহত হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯ এবং ধর্ষণের পর ২৬ শিশু হত্যার শিকার হয়েছে বলে তারা জানান।
মানববন্ধনে পুলিশ সদর দপ্তরের তথ্যও তুলে ধরা হয়। বক্তাদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো ২ হাজার ৩৮ শিশু নিখোঁজ রয়েছে।
বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন থাকলেই হবে না, অপরাধীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও আইনের আওতায় এনে কার্যকর বিচার নিশ্চিত করতে হবে। শিশু হত্যা ও নিখোঁজের ঘটনা প্রতিরোধে সরকারের দৃঢ় পদক্ষেপ এবং প্রশাসনের কঠোর ভূমিকার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে স্বদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, এইচআরডিএফ, এইচআরডি কোয়ালিশন, হিউম্যান রাইটস ল’ইয়ার্স ফোরাম, এইচআরডি নেটওয়ার্ক, উত্তরণ, সিডো, হেড, ক্রিসেন্ট ইয়ুথ স্কুল গার্লস গ্রুপ, সুন্দরবন ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন।
রূপক - 23-09-26