মাদারীপুরের শিবচরে ভান্ডারীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জুনায়েদ চোকদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা যুবদল।
শুক্রবার বিকেলে শিবচর উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা যুবদল নেতা জুনায়েদ চোকদারের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এ সময় মাদারীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, শিবচর পৌর যুবদলের সাবেক সভাপতি শাহীন গোমস্তা, সাবেক সাধারণ সম্পাদক মহিন বেপারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদার, শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সজিব খান ও উপজেলা যুবদল নেতা শাওন চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ আগস্ট সকালে ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জুনায়েদ চোকদারের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা গেছে, একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে যুবদলের নেতাকর্মীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।