দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের আট বিভাগে বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি করা হয়।
এর মধ্যে ঢাকা বিভাগে ৫০৭ জন, চট্টগ্রামে ২৮২, সিলেটে ১৫৬, বরিশালে ১৩০, খুলনায় ১০৩, ময়মনসিংহে ৭২, রাজশাহীতে ২৮ এবং রংপুরে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।
অন্যদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। এর মধ্যে পরীক্ষায় ২০ হাজার ৯৫১ জনের হাম নিশ্চিত হয়েছে।
রূপক / 24-09-26