দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে। পাশাপাশি পরীক্ষায় আরও ৭২ শিশুর হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ ও নিশ্চিত হাম—দুই ক্যাটাগরি মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩১। এর মধ্যে ১ হাজার ১৫৯ জনের হামের উপসর্গ রয়েছে এবং ৭২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৪ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ শিশু।
হামের উপসর্গ নিয়ে আক্রান্তদের একটি বড় অংশকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮৮০। এর সঙ্গে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯৯ জনকে যোগ করলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৯৭৯ শিশুতে।
ক্রমাগত আক্রান্ত ও মৃত্যুর এই পরিসংখ্যান দেশে হামের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।