মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেরদৌসি আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
তবে হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মিষ্টি। তিনি অভিযোগটি অস্বীকার করেছেন।
এদিকে রাড্ডা সেন্টারে হামলার ঘটনা নিয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি।