ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তাঁদের মৃত্যু হয়।
নিহতরা হলেন জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) ও কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাত ৪টার দিকে সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথে রামরাইল বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।